আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে সবকিছুই এক ক্লিকে। খাবার, পড়া, আড্ডা — সব মোবাইলে। ফলে আমাদের শরীর নড়াচড়ার সুযোগই পাচ্ছে না। এর ফল? ছোট বয়সেই সুগার, প্রেসার, মোটা পা। তাই আজকের দিনে দাঁড়িয়ে খেলাধুলা ও শরীর চর্চা শুধু শখ না, এটা বেঁচে থাকার জন্য জরুরি।

১. শরীর ও মনের ফায়দা
শরীরের জন্য: রোজ ৪৫ মিনিট খেললে হার্ট ভালো থাকে, হাড় শক্ত হয়, ইমিউনিটি বাড়ে। স্থূলতা, ডায়াবেটিসের মতো অসুখ দূরে থাকে।
মনের জন্য: খেলার সময় শরীর থেকে “হ্যাপি হরমোন” বের হয়। তাই টেনশন, ডিপ্রেশন কমে। দলগত খেলা শেখায় ধৈর্য, নেতৃত্ব আর একসাথে কাজ করার মানসিকতা। হারলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাও মাঠই শেখায়।
২. “খেললে পড়া হবে না” — এই ভুল ধারণা ভাঙতে হবে।
অনেক বাড়িতে এখনও বাবা-মা বলেন “সারাদিন খেলিস না, বই নিয়ে বস”।
কিন্তু গবেষণা বলছে উল্টোটা। যে ছাত্ররা রোজ খেলে, তাদের পড়ায় মনোযোগ ৩০% বেশি থাকে। কারণ খেলা ব্রেনে অক্সিজেনের সাপ্লাই বাড়ায়। ফর্মুলা একটাই, খেলবে আর পড়বে, দুটোই করবে। তবেই তৈরি হবে সুস্থ ও মেধাবী প্রজন্ম।

৩. পাড়ার গলি থেকে অলিম্পিকের মঞ্চ
আজকের নীরজ চোপড়া কালকের পানিপথের মাঠের ছেলে। পিভি সিন্ধু একদিন হায়দ্রাবাদের একটা ছোট কোর্টে র্যাকেট হাতে নিয়েছিল।
স্কুল-কলেজের স্পোর্টস, জেলা স্তরের প্রতিযোগিতা এগুলোই চ্যাম্পিয়নের কারখানা। কিন্তু দুঃখের বিষয়, অনেক স্কুলে মাঠ নেই, কোচ নেই, সরঞ্জাম নেই। সরকার ও ক্লাবগুলোকে এদিকে নজর দিতে হবে।
৪. মেয়েদের খেলা
আগে বলা হতো “মেয়েরা খেললে কি হবে?”। এখন সেই উত্তর দিচ্ছে সাক্ষী মালিক, মিতালি রাজ, হিমা দাস। কিন্তু গ্রামে এখনও অনেক মেয়েকে খেলতে দেওয়া হয় না। “লোকে কি বলবে” এই ভয় দেখানো হয়। সময় এসেছে বদলানোর।মেয়েদের জন্য আলাদা মাঠ, মহিলা কোচ, নিরাপত্তা — এই সব নিশ্চিত করতে হবে। কারণ একটা মেয়ে খেললে একটা গোটা পরিবার সুস্থ হয়।

৫. আমরা কি করতে পারি?
- রোজ সকালে ৩০ মিনিট হাঁটা, দৌড়, যোগা বা পাড়ার মাঠে খেলা।
- বাচ্চাদের মোবাইল কমিয়ে মাঠে পাঠানো।
- সপ্তাহে ৩ দিন পিটি ক্লাস বাধ্যতামূলক করা।
- পাড়ার ক্লাবগুলোতে বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা।
উপসংহার।।
একটা জাতির শক্তি মাপা হয় তার যুব সমাজ দিয়ে। আর যুব সমাজ শক্তিশালী হয় খেলাধুলা দিয়ে।
মনে রাখতে হবে, ট্রফি জেতা বড় কথা নয়। বড় কথা হলো মাঠে নেমে ঘাম ঝরানো। সেই ঘাম থেকেই আসবে শৃঙ্খলা। সেই শৃঙ্খলা থেকেই আসবে সাফল্য। আর সেই সাফল্য দিয়েই আমরা গড়ে তুলবো একটা সুস্থ, সবল ও আত্মবিশ্বাসী ভারত। তাই খেলো আজ, নাহলে ওষুধ খেতে হবে কাল।

